সাতক্ষীরা প্রতিনিধি: ৩ জুন ২০২৬ , ১:৫৯:৩৩ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার (৩ জুন) রাত আড়াইটার দিকে কালিন্দী নদী সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮) এবং একই এলাকার গোলাম রাব্বানীর ছেলে মহিউদ্দিন (৪২)। তারা বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে শাহীন ও মহিউদ্দিন অবৈধভাবে ভারতে যান। পরে তারা ভারতের তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বুধবার গভীর রাতে তারা অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বসন্তপুর সীমান্তসংলগ্ন বাঁশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত সোয়া ৩টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে বিজিবি বা বিএসএফের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, “অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় দুই বাংলাদেশি বিএসএফের গুলিতে আহত হয়েছেন বলে খবর পেয়েছি। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”




















