সারাদেশ

সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

  সাতক্ষীরা প্রতিনিধি: ২০ এপ্রিল ২০২৬ , ৩:৪৮:৫২ প্রিন্ট সংস্করণ


সাতক্ষীরায় “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাতক্ষীরা প্রতিনিধি ডা. রাশেদ উদ্দিন মৃধা এবং শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদসহ অন্যান্যরা।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ ক্যাম্পেইনের আওতায় সাতক্ষীরা জেলায় মোট ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে টিকা প্রদান করা হবে। এ লক্ষ্যে জেলাজুড়ে ২ হাজার ৪১৭টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে নির্ধারিত বয়সের সব শিশুকে টিকার আওতায় আনার জন্য তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

আরও খবর

Sponsered content