অর্থ-বাণিজ্য

সিএমএসএমই খাতের ব্যবসায়িক ধারাবাহিকতা সুরক্ষায় চুক্তি স্বাক্ষর করল পাইওনিয়ার ইন্স্যুরেন্স

  প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৬ , ১:০৮:১৪ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) ব্যবসায়িক ধারাবাহিকতা সুরক্ষা জোরদারে পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ইউএনডিপি ও এসএমই ফাউন্ডেশনের ‘বীমা উদ্ভাবন চ্যালেঞ্জ তহবিল (আইআইসিএফ)’-এর আওতায় সার্বিক ব্যবসায়িক ধারাবাহিকতা বীমা (বিসিআই) কর্মসূচি বাস্তবায়নে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান। বক্তব্যে তিনি দেশের সিএমএসএমই খাতকে অনাকাঙ্ক্ষিত ঝুঁকি ও দুর্যোগজনিত ক্ষতি থেকে সুরক্ষা প্রদান এবং ব্যবসায়িক সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধিতে অন্তর্ভুক্তিমূলক বীমার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে কে.এম. দস্তুর অ্যান্ড কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কর্মসূচির উদ্দেশ্য ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একটি উপস্থাপনা প্রদান করা হয়। এর আওতায় বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক ঝুঁকির বিরুদ্ধে উদ্যোক্তাদের জন্য সাশ্রয়ী বীমা সুবিধা দেওয়া হবে। কিস্তিভিত্তিক বীমা মডেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসা দ্রুত পুনরায় চালু রাখা সম্ভব হবে।

উপস্থাপনা শেষে পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিডিআইপি), দেশা, আরডিআরএস বাংলাদেশ এবং সফটোগ্রাফের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় পাইওনিয়ার ইন্স্যুরেন্স মূল বীমা প্রদানকারী এবং সফটোগ্রাফ প্রয়োজনীয় ডিজিটাল প্ল্যাটফর্ম প্রস্তুতকারী হিসেবে কাজ করবে। অন্যদিকে অংশগ্রহণকারী এনজিও/এমএফআইসমূহ দেশের বিভিন্ন অঞ্চলের সিএমএসএমই উদ্যোক্তাদের কাছে এ সেবা পৌঁছে দিতে এবং মাঠপর্যায়ে সচেতনতা তৈরিতে সহায়তা করবে।

আরও খবর

Sponsered content