হবিগঞ্জ সদর পৌর এলাকায় এবং উপজেলায় প্রতি বছরের ন্যায় এবারো যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র আশুরা পালিত হয়েছে।
শুক্রবার বিকালে হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আশুরা তাজিয়া মিছিল।
চারিদিকে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে শোকাবহ হয়ে ওঠে শহর। হাজারো মানুষ এই শোক মিছিলে ‘হায় হোসেন-হায় হোসেন’ মাতম তুলে অংশ নেয়। একই সময়ে হবিগঞ্জের বিভিন্ন মোকাম থেকে একটি তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলে এবার ছুরির বদলে হাত দিয়ে বুক চাপড়িয়ে মাতম করতে দেখা যায়।
মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়। আশুরা অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণার উৎস হিসেবে পরিগণিত হয়ে থাকে।
হালকা বৃষ্টিকে উপেক্ষা করে ,কামড়াপুর, গোসাইপুর, বহুলা, শায়েস্তানগর, ইনাতাবাদ, এড়ালিয়া, জালালাবাদ, আনোয়ারপুর মোকামবাড়ী, নাতিরাবাদ মোকামবাড়ী সুলতানসি-সহ হবিগঞ্জের বিভিন্ন মোকামবাড়ি থেকে আশুরার আয়োজন করা হয়।
পবিত্র মহরম মাস শুরু থেকেই প্রতিটি মোকামে জারী মাতম করে আসছিলো ভক্তরা। জারী মাতম দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে আত্মীয় -স্বজনসহ নানা পেশার লোকজন বিভিন্ন মোকামে জড়ো হয়। এসময় রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক, জনপ্রতিনিধি ও নানা পেশার লোকজন উপস্থিত ছিলেন।