সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: ৮ জানুয়ারি ২০২৬ , ১০:১০:১৩ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনা–ঢাকা–মোহনগঞ্জ রুটে চলাচলকারী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি ছুরি, ছিনতাই করা ৪ হাজার ১০০ টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ময়মনসিংহ স্টেশনের অদূরে কেওয়াটখালী এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন ছেড়ে মোহনগঞ্জের দিকে যাত্রা শুরু করলে কেওয়াটখালী এলাকায় পৌঁছামাত্র ওই দুই যুবক ছুরি দিয়ে কয়েকজন যাত্রীকে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা ও স্মার্টফোন ছিনিয়ে নেয়। এ সময় যাত্রীদের চিৎকারে ট্রেনের পাশের বগিতে থাকা রেলওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অন্যান্য যাত্রীদের সহায়তায় দুই ছিনতাইকারীকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকার আজমাইন হোসেন নিঝুম (৩০) ও মো. মেহেদী হাসান তানভীর (১৮)।
পরে ভোরে ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে পৌঁছালে আটক দুই যুবককে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। ছিনতাইয়ের শিকার যাত্রীরা নেত্রকোনা জেলার বারহাট্টা, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুজনকে ময়মনসিংহ রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।





















