সোহেল খান দূর্জয়, নেত্রকোনা ২৯ জানুয়ারি ২০২৬ , ১:৪৪:২৩ প্রিন্ট সংস্করণ
৯ম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে তারা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামো থেকে বঞ্চিত হয়ে আসছেন। বারবার আশ্বাস দেওয়া হলেও ৯ম পে স্কেলের গেজেট এখনো প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। অবিলম্বে গেজেট প্রকাশ করে কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, নেত্রকোনা জেলা শাখার প্রধান সমন্বয়ক মো. রফিকুল ইসলাম, অর্থ সমন্বয়ক মো. সিরাজুল আলম, জেলা সমন্বয়ক মোহাম্মদ রাসেল হায়দারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মসূচিতে অংশ নেন।
এ সময় সংগঠনের জেলা শাখার নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না করা হলে আগামী দিনে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।




















