ওমান প্রতিনিধি: ২৯ মে ২০২৫ , ১২:৪৯:০৪ প্রিন্ট সংস্করণ
ওমান ও ইরানের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক আরও দৃঢ় ও কৌশলগত রূপ লাভ করেছে। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের শীর্ষ নেতৃত্ব একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেন। এতে অংশ নেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ড. মাসউদ পেজেশকিয়ান।
এই বৈঠকে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, নিরাপত্তা ও পরিবহনসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া, আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যাপারেও দুই নেতা মতবিনিময় করেন।
সুলতান হাইথাম এবং প্রেসিডেন্ট পেজেশকিয়ান দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে তা আরও বেগবান করতে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন। তাদের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে রয়েছে জ্বালানি, খনিজ সম্পদ, শিল্প, বন্দর উন্নয়ন, কৃষি ও স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই বৈঠক ও চুক্তিসমূহ শুধু দু’টি দেশের মধ্যে নয়, গোটা উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশে একটি ইতিবাচক বার্তা বহন করবে। বিশেষ করে, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের এটি ছিল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফর, যা ইরানের জন্য ওমানের কৌশলগত গুরুত্বের দিকটিকে স্পষ্টভাবে তুলে ধরে।
ওমান সরকার এক বিবৃতিতে জানায়, এই কৌশলগত অংশীদারিত্ব শুধুমাত্র দুই দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা করবে না, বরং উপসাগরীয় অঞ্চলে শান্তি ও উন্নয়নের ভিত্তি আরও মজবুত করবে।
রবিউল হোসেন /এমআই




















