প্রতিনিধি ৩০ জুন ২০২৫ , ৯:৫১:০৩ প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় মুসলিম এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্রী সন্তোষ মন্ডল ওরফে সন্টু (৪৯) নামের এক হিন্দু যুবককে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে শ্রীঘরে পাঠানো হয়। এর আগে রোববার রাতে মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের রাজেন্দ্রবাটী গ্রামে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটককৃত সন্টু উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিল করিল্যা গ্রামের সুধান্ন চন্দ্র মন্ডলের ছেলে।
মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত সন্টুর জমি বাদীর বাড়ির পাশে হওয়ায় তিনি প্রায়ই সেখানে যেতেন এবং গৃহবধূকে কুপ্রস্তাব দিতেন। এসব প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং গত ২৯ জুন রাতে গৃহবধূকে একা পেয়ে ঘরের বাইরে টয়লেট থেকে ফেরার পথে জোরপূর্বক ঝাঁপিয়ে পড়ে ধর্ষণের চেষ্টা করেন। গৃহবধূর চিৎকারে তার স্বামী ও প্রতিবেশীরা এসে উদ্ধার করেন এবং সন্টুকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
ঘটনার সময় প্রায় ১০০-১৫০ লোকজন উপস্থিত ছিল বলে জানায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্টু ধর্ষণচেষ্টার বিষয়টি স্বীকার করেছেন বলে জানানো হয়। তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি এর আগেও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। মুসলিম গৃহবধূর প্রতি এমন আচরণ করায় ক্ষুব্ধ জনসাধারণ আসামিকে গণপিটুনির হুমকি দিচ্ছে বলে জানা গেছে।
মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (৪) (খ) ধারায় মামলা (নং-৩২) রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।” তিনি আরও বলেন, “নারীঘটিত স্পর্শকাতর বিষয়ে কেউ যদি মব তৈরি করে বা ভিডিও ভাইরাল করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে, তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তবে ঘটনার পর একটি প্রভাবশালী মহল বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করলেও, পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে তারা ব্যর্থ হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্তের স্বার্থে আসামিকে জেল হাজতেই রাখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




















