সাতক্ষীরা প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৬ , ১২:০৯:৩২ প্রিন্ট সংস্করণ
সুন্দরবন উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নের লক্ষ্যে পৃথক মন্ত্রণালয় ও বোর্ড গঠনের দাবি জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। একই সঙ্গে তাদের প্রস্তাবিত ২১ দফা দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) শহরের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল বলেন, খাদ্য উৎপাদন ও রাজস্ব আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সাতক্ষীরা নানা সংকটে জর্জরিত। জলবায়ু পরিবর্তন, লবণাক্ততার বিস্তার ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। ফলে কর্মসংস্থান কমে যাচ্ছে এবং মানুষ বাধ্য হয়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে।
তিনি আরও বলেন, উপকূলীয় এলাকার বাস্তবতা বিবেচনায় পৃথক মন্ত্রণালয় ও বোর্ড গঠন করা হলে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে।
সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় বাজেটে কৃষি ও স্থানীয় অর্থনীতি রক্ষায় বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়। ২১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, রেললাইন চালু, ভোমরা ও বসন্তপুর স্থলবন্দরকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া, মেডিকেল কলেজ চালু, শিল্পাঞ্চল গড়ে তোলা, নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা, নদীভাঙন ও জলাবদ্ধতা নিরসন এবং দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়ন।
কমিটির যুগ্ম সদস্য সচিব আলি নুর খান বাবুলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ আব্দুল হামিদ, সনাকের সাবেক সভাপতি হেনরি সরদার, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সিপিবি নেতা আবুল হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল এবং জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জিসহ অন্যান্যরা।




















