মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ১৩ ডিসেম্বর ২০২৫ , ১২:৫৬:৩০ প্রিন্ট সংস্করণ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় বিরামপুর শহরের ঢাকা মোড় এলাকায় ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা মোড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশ শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা হাদীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বিক্ষোভ ও দোয়া অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি জিন্নু, মোরশেদ মারুফ, মুসাব্বির, ফরিদুল ইসলাম, আজাদ, সারোয়ার শাহরিয়ার নাঈমসহ বিভিন্ন পর্যায়ের ছাত্র ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।





















