প্রচ্ছদ

১৩ বছর পর মান্দা উপজেলা বিএনপির কাউন্সিল: সভাপতি মতীন, সম্পাদক বাবুল চৌধুরী নির্বাচিত

  প্রতিনিধি ২০ জুলাই ২০২৫ , ১২:৫৭:০৩ প্রিন্ট সংস্করণ

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: দীর্ঘ ১৩ বছর পর নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) অনুষ্ঠিত এ কাউন্সিলে সভাপতি পদে এম. এ মতীন এবং সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম বাবুল চৌধুরী কাউন্সিলরদের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন।

কাউন্সিল উপলক্ষে মান্দা শ্যামচাঁদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাউন্সিলরদের সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৯৯৪ জন কাউন্সিলরের মধ্যে ৯৩০ জন ভোট প্রদান করেন। সাংগঠনিক সম্পাদক পদে ৬৯৭ ভোট পেয়ে শামসুল ইসলাম বাদল প্রথম এবং ৬৩৩ ভোট পেয়ে অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার দ্বিতীয় নির্বাচিত হন।

বিকেল ৪টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হয় কাউন্সিলের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান। জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু আনুষ্ঠানিকভাবে কাউন্সিল উদ্বোধন করেন।

সাধারণ সম্পাদক নির্বাচিত শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সদ্য নির্বাচিত সভাপতি এম. এ মতীন, সাবেক যুগ্ম আহ্বায়ক এ.কে.এম নাজমুল হক নাজু, ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা।

আব্দুস সালাম তাঁর বক্তব্যে বলেন, “বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কারও কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কাজ করা যাবে না। যারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তাদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে।”

উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি এম. এ মতীন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক। আর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী ৫নং গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক।

দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০১২ সালে মান্দা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০১৭ ও ২০২৩ সালে আহ্বায়ক কমিটি গঠিত হলেও পূর্ণাঙ্গ কাউন্সিল অনুষ্ঠিত হয়নি। এবারের সম্মেলনের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। কাউন্সিল ঘিরে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ও নতুন আশার সঞ্চার হয়েছে।

আরও খবর

Sponsered content