লাইফস্টাইল

নুরের শারীরিক খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

  স্টাফ রিপোর্টার: ৩০ আগস্ট ২০২৫ , ২:১৪:৪৩ প্রিন্ট সংস্করণ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি মোবাইলে ফোন করে নুরের খোঁজখবর নেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করে জানান, এ সময় নুরুল হক নুর প্রধান উপদেষ্টাকে কাকরাইলের ঘটনার বিস্তারিত জানান। প্রধান উপদেষ্টা তাকে আশ্বস্ত করেছেন যে, কাকরাইলের ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শুক্রবার রাতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরকে দেখতে যান।

প্রসঙ্গত, শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা গেছে, নুরের নাক ফেটে গিয়ে মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত অবস্থায় তিনি স্ট্রেচারে করে হাসপাতালে যাচ্ছেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে বহন করেন।

এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনার শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। কিন্তু বারবার অনুরোধ উপেক্ষা করে কিছু নেতাকর্মী মব ভায়োলেন্সের চেষ্টা চালান এবং বাহিনীর ওপর আক্রমণ করেন। রাত ৯টার দিকে তারা মশাল মিছিল নিয়ে সহিংসতা বাড়িয়ে তোলে। ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা চালানো হয়।

আইএসপিআর জানায়, জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধ্য হয়ে বলপ্রয়োগ করে। এতে সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন।

আরও খবর

Sponsered content