ইব্রাহিম সবুজ, স্টাফ রিপোর্টার, মাদারীপুর ৩০ আগস্ট ২০২৫ , ৯:৪৪:০৮ প্রিন্ট সংস্করণ
কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, “তারেক রহমানের ইচ্ছা ও স্বপ্ন—শহীদ পরিবারের কেউ অবহেলিত থাকবেন না। দেশে একটি ভালো নির্বাচন হলে এবং বিএনপি ক্ষমতায় এলে শহীদ পরিবারের পাশে থাকবে বিএনপি।”
শনিবার দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলা বিএনপির আয়োজনে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কান্নাজড়িত কণ্ঠে খোকন তালুকদার বলেন, “মাদারীপুরের শহীদ পরিবাররা মনে রাখবেন, আমরা জীবিত আছি, আপনাদের পাশে আছি। আজ আমি নাও থাকতে পারতাম, আমার সন্তানরা হয়তো আমার ছবি নিয়ে রাস্তায় দাঁড়াতো। আপনারা স্বজন হারিয়েছেন, কষ্ট পাচ্ছেন—আমরা সেই কষ্টটা অনুভব করি। তারেক রহমানও আপনাদের ব্যথা বোঝেন, কারণ তিনি ভাই হারিয়েছেন, তার বাবাকে দেশের জন্য জীবন দিতে হয়েছে, তার মাকে জেল খাটতে হয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সী, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মো. আলাউদ্দিন তালুকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।








