সিরাজগঞ্জ প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৫ , ২:১৩:২২ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের নৌকা ও বাইচ নৌকার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন এবং এখনো নিখোঁজ রয়েছেন একজন।
শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের দহুকুলা রেল ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরের পরিবার পাবনার ফরিদপুর উপজেলার রতনকান্দি গ্রামে যাচ্ছিল। তারা সিরাজগঞ্জের বড়পাঙ্গাশী ইউনিয়নের শুকলাই গ্রাম থেকে বিয়ে শেষে নৌকায় করে ফিরছিলেন। একই সময় চাকসা দক্ষিণপাড়া গ্রামের ‘মায়ের আচল’ নামের একটি বাইচ নৌকা মহড়া শেষে ফিরে আসছিল। এ সময় দহুকুলা ব্রিজের কাছে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বরযাত্রী বোঝাই নৌকাটি বাইচ নৌকার ওপর উঠে গেলে বাইচের নৌকাটি ডুবে যায়। এতে বাইচ নৌকার মাঝিসহ দুজন মারা যান।
নিহতরা হলেন— চাকসা নদীপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে রইজ উদ্দিন মণ্ডল এবং মোহনপুর নরসিংহপাড়া গ্রামের মৃত কোবাদ আলীর ছেলে নুর ইসলাম।
এ ঘটনায় আরও অন্তত ১৫ জন বাইজাল মাঝি গুরুতর আহত হন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উল্লাপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।”














