সারাদেশ

ছাত্রদল নেতা আব্দুল্লাহেল কাফীর উদ্যোগে ৪,৭০০ চারা বিতরণ ও বৃক্ষরোপণ

  নওগাঁ প্রতিনিধি: ৭ সেপ্টেম্বর ২০২৫ , ১১:০১:৩৯ প্রিন্ট সংস্করণ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী এক পরিবেশবান্ধব কর্মসূচি পালন করা হয়েছে নওগাঁয়। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা আব্দুল্লাহেল কাফীর উদ্যোগে মান্দা উপজেলায় মোট ৪,৭০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়, বানডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকজামদই সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পেয়ারা, আম, কাঁঠাল, অর্জুন, হরীতকী, আমলকী, বকুল ফুলসহ বিভিন্ন প্রজাতির চারা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজনের উদ্বোধন করেন আব্দুল্লাহেল কাফী নিজ হাতে চারা রোপণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালাইন ইউনিয়ন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আজিজুল হক ওয়ালটন বাবু, ইউনিয়ন বিএনপির সদস্য আফাজ উদ্দিন, স্থানীয় ছাত্রদল-যুবদল নেতাকর্মী, শিক্ষক-অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আব্দুল্লাহেল কাফী বলেন, “বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করে এসেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ ও রোপণের এই উদ্যোগ পরিবেশ সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তোলার ক্ষুদ্র প্রচেষ্টা। প্রতিটি মানুষ যদি অন্তত একটি গাছ রোপণ করে, তবে সেটি শুধু পরিবেশ নয়, আমাদের অস্তিত্বকেও রক্ষা করবে।”

তিনি আরও যোগ করেন, “পরিবেশ বিপর্যয়ের এই সময়ে আমাদের দায়িত্ব প্রকৃতির পাশে দাঁড়ানো। তাই দলীয় কর্মসূচিকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে সামাজিক দায়বদ্ধতা থেকেও কিছু করতে চাই। এই উদ্যোগ তারই অংশ।”

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সাধারণত এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি দেখা যায় না। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content