সারাদেশ

রাজশাহীর বাগমারায় সরকারি গুদামে পচা চাল-ধান, চারটি গুদাম সিলগালা

  মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৫ , ১০:৩৭:৪২ প্রিন্ট সংস্করণ

 

রাজশাহীর বাগমারায় সরকারি খাদ্য গুদামগুলোতে বিপুল পরিমাণ পচা চাল ও ধান মজুদ থাকার অভিযোগ পাওয়া গেছে। গুদামে থাকা চালের প্রায় ৭০ থেকে ৮০ ভাগই পচা বা নষ্ট বলে অভিযোগ করেছে স্থানীয় সুফলভোগীরা।

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলাম চারটি সরকারি খাদ্য গুদামে হঠাৎ পরিদর্শনে গেলে এ অনিয়মের সত্যতা মেলে। তিনি জানান, গুদামে মজুদ থাকা চাল ও ধান খাওয়ার অনুপযোগী হয়ে পড়েছে। এ সময় তিনি নমুনা সংগ্রহ করেন।

জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার সরকারি বিভিন্ন প্রকল্পে সুফলভোগীদের মাঝে এসব চাল বিতরণ করা হচ্ছিল। কিন্তু চালের মান এতটাই খারাপ যে, অনেকেই তা খেতে না পেরে প্রশাসনের কাছে অভিযোগ করেন।

এ প্রসঙ্গে ওসিএলএসডি বাচ্চু মিয়া বলেন, “এত পরিমাণ চাল আলাদা করে চেক করা সম্ভব হয় না। এগুলো মূলত বিভিন্ন ঠিকাদারের মাধ্যমে সংগ্রহ করে ট্রাক ভর্তি অবস্থায় গুদামে রাখা হয়।”

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেশ আমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেশ আমিন বলেন, “কোন গুদামে কখন কত ধান বা চাল মজুদ করা হয়, তা মূলত গুদাম কর্মকর্তার দায়িত্ব। কত পরিমাণ চাল নষ্ট হয়েছে, তা এখনই সঠিকভাবে বলা সম্ভব নয়।”

এ বিষয়ে ইউএনও মাহবুবুল ইসলাম বলেন, “এটি গুদাম কর্মকর্তার অবহেলা ছাড়া আর কিছু নয়। সরকারের কোটি কোটি টাকার মালামাল নষ্ট হচ্ছে অথচ তিনি তা জানেন না, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অনিয়ম প্রমাণিত হওয়ায় চারটি গুদাম সিলগালা করা হয়েছে।”

আরও খবর

Sponsered content