ক্রীড়া প্রতিবেদক দৈনিক মতপ্রকাশ ৩ নভেম্বর ২০২৫ , ২:১১:০৭ প্রিন্ট সংস্করণ
অবশেষে খরা কাটল ভারতের নারী ক্রিকেটে। ২০০৫ ও ২০১৭ সালের ফাইনালে হারের বেদনা ভুলে ইতিহাস গড়ল হারমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল। রোববার নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় ভারত।
২৯৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়ারা একসময় জয়ের স্বপ্ন দেখছিল অধিনায়ক লরা উলভার্টের দুর্দান্ত ব্যাটিংয়ে। শতক (১০১) হাঁকিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন তিনি। কিন্তু ৪২তম ওভারে দীপ্তি শর্মার বলে আমানজোত কৌরের চমকপ্রদ ক্যাচে উলভার্ট ফেরার পরই ম্যাচের মোড় ঘুরে যায়। সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ২৪৬ রানে অলআউট হয়ে মাঠ ছাড়ে তারা।
বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে ৫ উইকেট তুলে নিয়ে ভারতের ঐতিহাসিক জয়ের নায়ক হয়ে উঠেছেন স্পিনার দীপ্তি শর্মা। সহায়তা করেন শেফালি ভার্মা, যিনি নেন ২টি উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারত ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৯৮ রান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। উদ্বোধনী জুটিতে তারা মাত্র ১৭.৩ ওভারে ১০৪ রান তুলে দেন। ৮টি চারে ৪৫ রান করে মান্ধানা ফিরলেও শেফালি থামেন ৮৭ রানে।
জেমিমাহ রদ্রিগেজ (২৪) সঙ্গ দেন শেফালিকে। শেষদিকে দীপ্তি শর্মা (৫৮) ও রিচা ঘোষ (৩৪) ঝড়ো ব্যাটিংয়ে দলকে তিনশোর কাছাকাছি নিয়ে যান।
দক্ষিণ আফ্রিকার হয়ে আয়াবোঙ্গা খাকা ৯ ওভারে ৫৮ রান দিয়ে নেন ৩টি উইকেট।
ভারতের এই জয় শুধু একটি ট্রফি জেতা নয়—এটি নারী ক্রিকেটের এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে ২০০৫ ও ২০১৭ সালের অদম্য সংগ্রামের ফল মিলেছে বিশ্বচ্যাম্পিয়নের মুকুটে।




















