সারাদেশ

দিনাজপুর-৫ আসনে নূরুল হুদা বাবুর সমাবেশ: “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য”

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৫ , ২:১৫:৫৮ প্রিন্ট সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নূরুল হুদা বাবুর উদ্যোগে পার্বতীপুরের স্থানীয় শহীদ মিনার চত্বরে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টায় অনুষ্ঠিত এ সমাবেশের উদ্বোধন করেন নূরুল হুদা বাবুর বড় ভাই ও শিক্ষক শামসুদ্দোহা দুলু মোনাজাতের মাধ্যমে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নূরুল হুদা বাবু বলেন,

“জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। পার্বতীপুরের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের রাজনীতিই আমরা করতে চাই।”

তিনি আরও বলেন,“আমরা বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের হাতে রাষ্ট্রের ক্ষমতা ফিরিয়ে দিতে চাই। অবাধ নির্বাচন, স্বাধীন বিচারব্যবস্থা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও মানবাধিকারের নিশ্চয়তা— এই চারটি লক্ষ্যেই আমাদের সংগ্রাম।”

নূরুল হুদা বাবু প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি চাই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুশিক্ষিত ও আধুনিক পার্বতীপুর-ফুলবাড়ী উপহার দিতে। জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে এই এলাকা নতুনভাবে গড়ে তুলব— যেখানে উন্নয়নের কোনো বৈষম্য থাকবে না।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু, সাংবাদিক বদরুদোজ্জা বুলু, ‘আমাদের নূরুল হুদা টিম’-এর সদস্য তাহেরুল ইসলাম ও পাভেল প্রমুখ।

আরও খবর

Sponsered content