মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৫ , ১২:৩৩:৪৬ প্রিন্ট সংস্করণ
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে রাজশাহী নগরের ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামের একটি দশতলা ভবনের পাঁচতলায় এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম তাওসিফ রহমান সুমন (১৬)। তিনি রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে এবং নবম শ্রেণির ছাত্র ছিলেন। এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন।
ভবনে ঢোকার সময় হামলাকারী নিজেকে বিচারকের ভাই পরিচয় দেন এবং দারোয়ানের খাতায় নিজের নাম লেখেন লিমন। তার হাতে একটি ব্যাগ ছিল। প্রায় আধা ঘণ্টা পর ফ্ল্যাট থেকে চিৎকার শুনে গৃহকর্মী ও প্রতিবেশীরা এগিয়ে এসে তিনজনকেই রক্তাক্ত অবস্থায় পান। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
হামলাকারী যুবকও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তার পকেট থেকে উদ্ধার হওয়া ড্রাইভিং লাইসেন্স দেখে ধারণা করা হচ্ছে তিনি একজন চালক।
ঘটনাস্থল পরিদর্শন শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারীর সঙ্গে পূর্ব কোনো বিরোধ বা ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”





















