নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৫ , ১২:৫২:২৮ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে ৬৬ বোতল ইসকফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল তেলিয়াপাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করে।
র্যাব জানায়, চুনারুঘাট থেকে মাধবপুরগামী সড়কে কালো ব্যাগ নিয়ে এক ব্যক্তিকে সন্দেহ হলে থামার সংকেত দেওয়া হয়। তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আটক করেন। পরে ব্যাগ তল্লাশিতে ৬৬ বোতল ইসকফ সিরাপ পাওয়া যায়।
আটককৃত ব্যক্তি মোহন পাচি (২০)। তিনি মাধবপুর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা-বাগান এলাকার শিরপ্রসাদ পাচির ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি সীমান্ত অঞ্চল থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহের কথা স্বীকার করেন।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত মাদকসহ তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় র্যাবের অভিযান অব্যাহত থাকবে।




















