তাপস কুণ্ডু, ঝিনাইদহ প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ১:৫৩:৪৩ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর সাইমা আক্তার সাবা (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরতলির পবহাটি গ্রামে একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাইমা আক্তার সাবা ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। জানা গেছে, বুধবার সকাল থেকেই শিশুটি নিখোঁজ ছিল। তার পরিবারের পক্ষ থেকে সন্ধ্যার আগে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সাইমার বাবা সাইদুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সকাল থেকেই সন্তান নিখোঁজ থাকলেও পুলিশ বিষয়টি গুরুত্ব দেয়নি। আমি আমার মেয়ের হত্যার সুষ্ঠু বিচার চাই।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) শামসুজ্জোহা বলেন, “নিখোঁজের খবর পাওয়ার পর থেকেই পুলিশ তল্লাশি চালাচ্ছিল। রাতে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।”
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পবহাটি এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।




















