সারাদেশ

আওয়ামী লীগ নেতার স্ত্রী হলেন সিলেটের গোলাপগঞ্জের ইউএনও !

  সিলেট প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৫ , ৩:৩৫:৩৮ প্রিন্ট সংস্করণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) পদায়ন ও বদলি কার্যক্রম চলমান থাকলেও সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ইউএনও পদায়ন নিয়ে নানা আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের যাচাই-বাছাই করে ইউএনও হিসেবে পদায়ন ও রিলিজের উদ্যোগ নিলেও দেশের বিভিন্ন স্থানে পদায়নপ্রাপ্ত কিছু কর্মকর্তার যোগদান না করা এবং কেউ কেউ নিজ নিজ পদে বহাল থাকতে তদবির করছেন—এমন অভিযোগ উঠে আসছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এসব বিষয় নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

গোলাপগঞ্জ উপজেলায় ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শাখী ছেপকে ইউএনও হিসেবে পদায়নের বিষয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা চলছে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য ও কুমিল্লার লাকসাম এলাকার আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন ফারুকের স্ত্রী। দেলোয়ার হোসেন ফারুক নিজেও ওই এলাকার সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী বলে রাজনৈতিক অঙ্গনে পরিচিত।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী শাখী ছেপকে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে এবং সিলেট জেলা প্রশাসনের তালিকায়ও তাঁর নাম রয়েছে। তবে বাস্তবে এখনো দায়িত্ব পালন করছেন আগেই বদলিকৃত ইউএনও মিল্টন চন্দ্র পাল।

এ বিষয়ে মিল্টন চন্দ্র পাল জানান, তাঁকে ঢাকায় একটি প্রকল্পে বদলি করা হয়েছে এবং রিলিজ প্রক্রিয়া চলমান। তিনি বলেন, “যাদেরকে ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে, তারা এখনো কেউ যোগদান করেননি। এর আগেও দু’জন নারী কর্মকর্তাকে পদায়ন করা হয়েছিল, তারাও যোগদান করেননি। সর্বশেষ শাখী ছেপ আমার সঙ্গে কথা বলেছিলেন, এরপর আর যোগাযোগ হয়নি।”

স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের কারণে এই পদায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, নির্বাচনের আগে এমন পদায়ন প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে সংশয় তৈরি করতে পারে। আবার কেউ কেউ বিষয়টিকে কেবল গুঞ্জন বলেও উল্লেখ করছেন।

এদিকে স্থানীয় কয়েকটি সূত্র দাবি করছে, পদায়নের পর ইউএনও হিসেবে যোগদান নিয়ে নিরাপত্তা ও বিরূপ পরিবেশের আশঙ্কার কথাও আলোচনায় এসেছে। তবে এসব দাবির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার প্রশাসন ঢেলে সাজাচ্ছে। এর অংশ হিসেবে ইউএনও পর্যায়ে পদায়ন চললেও গোলাপগঞ্জে বিষয়টি এখন স্থানীয় আলোচনার কেন্দ্রে রয়েছে।

আরও খবর

Sponsered content