মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার: ২০ ডিসেম্বর ২০২৫ , ১:০০:৩৪ প্রিন্ট সংস্করণ
দেশে বিরাজমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্বিক নিরাপত্তা জোরদারে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় এসব বিজিবি সদস্য দায়িত্ব পালন শুরু করেন। মোতায়েনকৃত সদস্যদের মাধ্যমে শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, পরিস্থিতির উন্নয়ন না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।




















