জাতীয়

তারেক রহমানের প্রত্যাবর্তনে শুভেচ্ছার ঢল, স্বাগত জানালেন জামায়াত আমিরও

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ২:৪৬:২৩ প্রিন্ট সংস্করণ

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষে স্বদেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাগত জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’

তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুভেচ্ছার বার্তা অব্যাহত রয়েছে। এর আগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ফেসবুকে দৈনিক যুগান্তরের একটি ফটোকার্ড শেয়ার করে লেখেন, ‘আবার স্বাগতম! বাংলাদেশ আপনার কাছ থেকে ব্যতিক্রমী নেতৃত্ব প্রত্যাশা করে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা সারজিস আলমও ফেসবুক পোস্টের মাধ্যমে তারেক রহমানকে স্বাগত জানান। তিনি লেখেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান-পতন ও রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন। আমরা ২৪-এর অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।’

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন সারজিস আলম। তিনি বলেন, ‘পূর্ব অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদবিরোধী সংগ্রাম এবং আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব—এটাই প্রত্যাশা।’

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে পূর্বনির্ধারিত একটি বাসে করে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (সাবেক ৩০০ ফিট) এলাকায় আয়োজিত গণসংবর্ধনার উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান। তাকে একনজর দেখতে সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন বিপুলসংখ্যক সমর্থক ও নেতাকর্মী।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৩৬ মিনিটে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

ইমিগ্রেশন কার্যক্রম শেষে তারেক রহমানের স্ত্রী ও মেয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রওনা হন। কিছুক্ষণ পর ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে এসে জুতা খুলে শিশিরভেজা ঘাসে পা রাখেন তারেক রহমান। এ সময় তিনি একমুঠো মাটি হাতে তুলে নেন—যা উপস্থিতদের মধ্যে আবেগঘন মুহূর্তের সৃষ্টি করে।

পরবর্তীতে বাসে করে তিনি গণসংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা হন। বাসটির গায়ে লেখা ছিল—‘সবার আগে বাংলাদেশ’। পথে পথে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের উদ্দেশে হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান।

উল্লেখ্য, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। কুড়িল মোড়সংলগ্ন সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে ৪৮ ফুট বাই ৩৬ ফুট আকারের একটি মঞ্চ।

আরও খবর

Sponsered content