সারাদেশ

ভূরুঙ্গামারীতে বাস–মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, গুরুতর আহত ১

  মোঃ কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধি: ২৬ ডিসেম্বর ২০২৫ , ১১:৩৯:৫২ প্রিন্ট সংস্করণ


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী মোঃ জাহাঙ্গীর আলম অপু (৩০) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে ভূরুঙ্গামারী থানাধীন আন্ধারীঝাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক আহমেদ ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাথরডুবি গ্রামের বাসিন্দা। তিনি মোঃ হারুন অর রশিদের ছেলে ও আছুফা বেগমের সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাথরডুবি এলাকা থেকে মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম যাওয়ার পথে আন্ধারীঝাড় এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী পাভেল এক্সপ্রেস বাসের (রেজি. নং ঢাকা মেট্রো ব-১৫-৯৮৪৯) সঙ্গে কুড়িগ্রাম হ-১৩-২৭০৩ নম্বর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ফারুক আহমেদ ও তার সঙ্গে থাকা বন্ধু জাহাঙ্গীর আলম অপু গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত জাহাঙ্গীর আলম অপুর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বর্তমানে এলাকায় যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

আরও খবর

Sponsered content