সারাদেশ

একই রাতে বাঁকড়ায় তিন বাড়িতে চুরি, থানায় অভিযোগ

  এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ১ জানুয়ারি ২০২৬ , ৮:৩০:৪১ প্রিন্ট সংস্করণ

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নে একই রাতে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর রাতের কোনো এক সময় বাঁকড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে চোরেরা নির্বিঘ্নে এসব চুরি সংঘটিত করে।

প্রবাসী রফিকুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলায় উঠে চোরেরা সোনার গহনা, মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। তার স্ত্রী বিজলি খাতুনের বারো আনা ওজনের দেড় লাখ টাকা মূল্যের দুটি সোনার রুলি, বাড়িতে বেড়াতে আসা ছেলের বন্ধুর মায়ের আধা ভরি ওজনের সোনার দুল (মূল্য প্রায় এক লাখ টাকা), নগদ ১৫ হাজার টাকা, ২০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোনসহ বিভিন্ন মালামাল খোয়া যায়। এছাড়া ছেলে রাকিবুল ইসলাম রোহানের মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র নম্বর ৮২৬৪৫৯৭৩৬৩, ড্রাইভিং লাইসেন্স এবং তার বন্ধু ঢাকা কলেজের ছাত্র আসাদুজ্জামানের ড্রাইভিং লাইসেন্সও চুরি হয়।

একই গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে রমজান গাজীর বাড়ি থেকেও চোরেরা ভিভো কোম্পানির ১৮ হাজার ৫০০ টাকা মূল্যের একটি স্মার্টফোন, মেয়ে সুমনার আট আনা ওজনের একটি সোনার চেইন, দুটি ছোট শিশুর আংটি, চার আনা ওজনের কানের দুলসহ প্রায় দুই লাখ টাকা মূল্যের গহনা, নগদ ৮ হাজার টাকা এবং প্রায় ২০ হাজার টাকা মূল্যের পোশাক চুরি করে নিয়ে যায়।

এছাড়া শ্রী অনিলের বড় ছেলে প্রেম কুমারের বাড়িতে প্রবেশ করে চোরেরা কিছু রুপার গহনা ও পোশাক নিতে সক্ষম হয়। পরে কিছু পোশাক অনতিদূরে ফেলে রেখে যায়। একই রাতে আবুল হাশেমের বড় পুত্র রফিকুল ইসলামের বাড়িতেও চোরেরা হানা দেয়। একটি ভ্যানিটি ব্যাগ নিয়ে তারা রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

চুরির ঘটনায় ঝিকরগাছা থানায় প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী বিজলি খাতুন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content