অপরাধ

বাঘায় গভীর রাতে সশস্ত্র হামলায় যুবক নিহত, স্ত্রী আহত

  বাঘা (রাজশাহী) প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৬ , ১১:৩৬:২৭ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর চরে গভীর রাতে সশস্ত্র হামলায় সোহেল (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী আহত হয়েছেন। তিনি রাতেই বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি সোহেলের বসতবাড়ির বাইরে এসে গুলি ছোড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় সোহেল গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে বাঘা মেডিকেলে নেওয়া হয়।

নিহত সোহেল বাঘা উপজেলার করালি নওসারা এলাকার কালু মণ্ডলের ছেলে। তিনি পরিবারসহ চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর চরে বসবাস করতেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

নিহতের ভাই জানান, গভীর রাতে কয়েকজন ব্যক্তি বাড়ির বাইরে এসে দরজায় ধাক্কা দিতে থাকে। দরজা খোলার পরপরই তারা এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে সোহেল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

পরিবারের সদস্য ও স্থানীয়দের অভিযোগ, ‘কাঁকন বাহিনী’ নামে পরিচিত একটি সশস্ত্র দলের সদস্যরা এ হামলা চালিয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে বাঘা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। নিহতের মরদেহ বাঘা থানায় রাখা হয় এবং ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “ঘটনার তদন্ত চলছে। নিহতের পরিবার থেকে মামলা দায়ের হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।”

আরও খবর

Sponsered content