মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর ১১ জানুয়ারি ২০২৬ , ১০:৫৯:৪৬ প্রিন্ট সংস্করণ
জাতীয় ঐক্যের অম্লান প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় টঙ্গীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বাদ মাগরিব টঙ্গীর কলেজগেট সংলগ্ন সরকার বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
মাহফিলের আয়োজন করেন গাজীপুর–২ (সদর–টঙ্গী) আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন সরকার। প্রধান অতিথি হিসেবে মাহফিলে অংশ নেন আলহাজ্ব সালাহউদ্দিন সরকার নিজেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন ভাট, বিএনপি নেতা জসিম উদ্দিন দেওয়ান, আসাদুজ্জামান আসাদ, সরকার শাহনূর ইসলাম রনি, যুবদল নেতা সৌমিক সরকার, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, এস এম রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা ও কর্মী।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সার্বিক কল্যাণের জন্য বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ, ত্যাগ ও সংগ্রাম আগামী প্রজন্মের জন্য সাহস ও প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর অবদান বাংলাদেশের মানুষ কৃতজ্ঞচিত্তে চিরকাল স্মরণ করবে।




















