সারাদেশ

শরীয়তপুরে জমি বিরোধে তিন নারীসহ চারজনের ওপর হামলা, আহতরা হাসপাতালে

  মোঃ সাইফুল ইসলাম ঢালী , শরীয়তপুর প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ১২:৩০:৫৫ প্রিন্ট সংস্করণ

 

শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ছোট বিনোদপুর পশ্চিম পাড় এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তিন নারীসহ চারজনের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন—রুবেল মোল্লা, ঝর্না আক্তার, সুফিয়া বেগম ও নাসিমা বেগম।

আহতদের অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে চিতলিয়া ছোট বিনোদপুর পশ্চিম পাড় এলাকার গিয়াস উদ্দিন মোল্লার সঙ্গে একই এলাকার বাবুল মোল্লার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে জমি দখলের উদ্দেশ্যে স্থানীয় তাজেল মোল্লা ও বাবুল মোল্লার নেতৃত্বে সোহেল মোল্লা, আলামিন মোল্লা ও রমজান মোল্লাসহ ১০–১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গিয়াস উদ্দিন মোল্লার বাড়িতে হামলা চালায়।

খবর পেয়ে গিয়াস উদ্দিন মোল্লার ছেলে রুবেল মোল্লা ঘটনাস্থলে এসে বাধা দিলে হামলাকারীরা তার ওপর চড়াও হয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে তার স্ত্রী ঝর্না আক্তার, মা সুফিয়া বেগম ও বোন নাসিমা বেগমও মারধরের শিকার হন। অভিযোগ রয়েছে, হামলার সময় ঝর্না আক্তারের শ্লীলতাহানির চেষ্টা করা হয়।

হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়ে সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬০ হাজার টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

আরও খবর

Sponsered content