স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ১৬ জানুয়ারি ২০২৬ , ১২:০৩:৫৪ প্রিন্ট সংস্করণ
ধীরে ধীরে ছন্দে ফিরছে ঝিনাইদহ জেলা। প্রায় এক যুগ পর একজন সক্রিয় ও কার্যকর জেলা প্রশাসক পাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন ঝিনাইদহবাসী। দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের নেতৃত্বে একের পর এক জনবান্ধব উদ্যোগ ও প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
সরেজমিনে ঝিনাইদহ শহর ঘুরে দেখা গেছে, ট্রাক টার্মিনাল, বাস টার্মিনাল, শহীদ মিনার এলাকা, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, ‘টি’ বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও অলিগলি দখলমুক্ত করা হয়েছে। এর ফলে শহরজুড়ে সাধারণ মানুষের চলাচল আগের তুলনায় অনেক বেশি সহজ ও নির্বিঘ্ন হয়েছে।
স্থানীয়দের মতে, এসব উদ্যোগের মাধ্যমে ঝিনাইদহ শহর ধীরে ধীরে একটি পরিকল্পিত ও মডেল শহরের রূপ নিচ্ছে। পাশাপাশি শীত মৌসুমে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমও চালু রেখেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ দায়িত্ব গ্রহণের পরপরই আদালত চত্বর, সদর হাসপাতাল, পাসপোর্ট অফিস, বিআরটিএসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দালালচক্র দমন ও দুর্নীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেন। একই সঙ্গে টিআর, কাবিটা, কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তদারকি জোরদার করায় এসব প্রকল্পে স্বচ্ছতা বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধভাবে আবাদি জমির মাটি কেটে শ্রেণি পরিবর্তন রোধ, ইটভাটায় মাটি বিক্রি বন্ধ, সরকারি গাছ কর্তন প্রতিরোধ, সরকারি অফিসে দুর্নীতি কমানো এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল করাসহ নানা ক্ষেত্রে প্রশাসনের সক্রিয় ভূমিকা লক্ষ করা যাচ্ছে।
এসব কর্মকাণ্ডের ফলে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ ইতোমধ্যে ঝিনাইদহের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। জেলার সচেতন মহলের প্রত্যাশা, তিনি ভবিষ্যতেও রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে ঝিনাইদহের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন।




















