গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ১১:৫৩:০৭ প্রিন্ট সংস্করণ
রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি করপোরেশনের ১–৯ ওয়ার্ড) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছয়জন প্রার্থীকে তাদের নিজ নিজ দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রংপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
বরাদ্দপ্রাপ্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণায় নিজ নিজ দলীয় প্রতীক ব্যবহার করবেন। জাতীয় পার্টির প্রার্থী মঞ্জুম আলী লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামছেন। বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন ধানের শীষ প্রতীক ব্যবহার করে ভোটারদের কাছে পৌঁছাবেন। জামায়াতে ইসলামির প্রার্থী রায়হান সিরাজী দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রচারণায় অংশ নেবেন।
এছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে মো. আনাস কাঁচি প্রতীক, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আহসানুল আরেফিন মোমবাতি প্রতীক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা হাতপাখা প্রতীক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাবেন।
জাতীয় পার্টি প্রার্থী মঞ্জুম আলী বলেন, “আমি লাঙ্গল প্রতীক নিয়ে জনগণের পাশে দাঁড়াব। রংপুর-১ এলাকার মানুষের জন্য উন্নয়নমূলক কাজের স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। ভোটারদের আস্থা ও সমর্থন পাওয়াই আমার মূল লক্ষ্য।”
বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন বলেন, “ধানের শীষ প্রতীক আমার জন্য একটি বড় দায়িত্ব। জনগণের ভোটাধিকার সুরক্ষায় কাজ করা এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”
জামায়াতে ইসলামির প্রার্থী রায়হান সিরাজী বলেন, “দাড়িপাল্লা প্রতীক আমাকে জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করেছে। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে চাই।”




















