সারাদেশ

কেন্দুয়ায় ৯৬ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ৫০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ২:১৫:২১ প্রিন্ট সংস্করণ

নেত্রকোনার কেন্দুয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৯৬টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৫০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ও বিশেষ নজরদারি ব্যবস্থা থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেন্দুয়া উপজেলার ১টি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৯১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৫০০ এবং মহিলা ১ লাখ ৩৯ হাজার ৪১০ ও হিজড়া ৬ জন ভোটার রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নেত্রকোণা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের কেন্দুয়া উপজেলায় নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ভোটগ্রহণে ব্যবহৃত ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম কেন্দুয়ায় পৌঁছেছে। ভোটগ্রহণকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ, আনসার, বিজিবি ও অতিরিক্ত সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে। কোনো অবস্থাতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেওয়া হবে না।

যেকোনো ধরনের অনিয়ম, অভিযোগ বা জরুরি প্রয়োজনে কন্ট্রোল রুমের মাধ্যমে তাৎক্ষণিক যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

আরও খবর

Sponsered content