মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৯:৫৫ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলা-এর সিমলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের রহস্যজনক নীরবতা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মিয়া মহালদারের নেতৃত্বে দিন-রাত নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, উত্তোলিত বালু ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে।
এলাকাবাসীর দাবি, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বেড়ে যাচ্ছে। এতে কৃষিজমি, বসতভিটা ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলফাজ মিয়া মহালদার বলেন, “আমি সিমলা নদীর কোনো লিজ নেইনি। আমি বালু চুরি করবো কেন?” সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, “আপনাকে কে বলেছে?” নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে অভিযোগের কথা জানানো হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং অশালীন ভাষায় প্রতিক্রিয়া জানান বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জাহিদ বিন কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত সাপেক্ষে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।




















