অপরাধ

গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গানপাউডার ও কাঁচের গুড়া উদ্ধার

  মো. গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি ১ মার্চ ২০২৬ , ৭:১৯:৫৯ প্রিন্ট সংস্করণ

 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা-র তালধারী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরকসদৃশ উপাদান উদ্ধার করেছে র‌্যাব-৫। শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার দুপুরে র‌্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থাটির সিপিএসসি শাখার একটি গোয়েন্দা দল তথ্য পায় যে, দেওপাড়া ইউনিয়নের তালধারী এলাকায় কয়েকজন ব্যক্তি অবৈধ কার্যকলাপের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে স্বচ্ছ পলিথিনে সংরক্ষিত বিপুল পরিমাণ গানপাউডার এবং নীল পলিথিনে ভাঙা কাঁচের গুড়া পাওয়া যায়। ঘটনাস্থলেই পরিমাপ করে গানপাউডারের পরিমাণ ৮ কেজি ৩৯০ গ্রাম এবং কাঁচের গুড়ার পরিমাণ ১ কেজি ১৭০ গ্রাম বলে নিশ্চিত করা হয়। উদ্ধারকৃত সব আলামত বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত গোদাগাড়ী থানা-য় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে এসব উপাদান কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কী উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল—তা তদন্ত করে দেখা হচ্ছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content