সারাদেশ

রায়পুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান সফিকুল আলম আলমাস

  জহিরুল ইসলাম টিটু, লক্ষ্মীপুর: ৮ মার্চ ২০২৬ , ৮:১৮:৫২ প্রিন্ট সংস্করণ


আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন বিএনপি নেতা সফিকুল আলম আলমাস। সাবেক যুবদল নেতা ও বর্তমান পৌর বিএনপির এ নেতা “অত্যাধুনিক পৌরসভা ও জনবান্ধব প্রশাসন” গড়ার প্রত্যয় নিয়ে ইতোমধ্যে পৌর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সফিকুল আলম আলমাস তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে এলাকায় নিজের অবস্থান তৈরি করেছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরছেন।

গণসংযোগকালে সাধারণ ভোটাররা তাদের এলাকার নানা সমস্যা ও প্রত্যাশার কথা তার কাছে তুলে ধরছেন। তিনি সেসব মনোযোগ দিয়ে শুনছেন এবং নির্বাচিত হলে সমস্যাগুলো সমাধানে কাজ করার আশ্বাস দিচ্ছেন।

প্রার্থিতা নিয়ে সফিকুল আলম আলমাস বলেন, “আমি কোনো ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার মোহে নয়, বরং রায়পুর পৌরবাসীর প্রকৃত সেবক হয়ে কাজ করতে চাই।”

তিনি বলেন, কাগজে-কলমে রায়পুর পৌরসভা প্রথম সারির স্বীকৃতি পেলেও বাস্তবে অনেক ক্ষেত্রে উন্নয়নের ঘাটতি রয়েছে। তাই অবহেলিত এ জনপদকে আধুনিক, ডিজিটাল ও মাদকমুক্ত পৌরসভা হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য।

তিনি আরও বলেন, “পৌর সেবা প্রতিটি নাগরিকের অধিকার। সেই অধিকার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই।”

এদিকে আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে রায়পুর পৌর এলাকায় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা ও আগ্রহ বাড়তে শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান শক্ত করতে মাঠপর্যায়ে তৎপরতা চালাচ্ছেন।

আরও খবর

Sponsered content