আন্তর্জাতিক

বন্যায় কোন দেশের কতজন পর্যটক নিখোঁজ, জানাল নেপাল

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৬ , ৭:২১:২৭ প্রিন্ট সংস্করণ

নেপাল ও চীন সীমান্তে তুষারধস ও আকস্মিক বন্যায় অন্তত ৩৮৪ পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে বিদেশি পর্যটক রয়েছেন ২৯১ জন। এ ঘটনায় নিহত হয়েছেন ১৭ জন।

আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নেপাল ট্যুরিজম বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশি পর্যটকদের তালিকায় রয়েছেন ১২ জন ব্রিটিশ নাগরিক, ১০৫ জন ভারতীয়, ৩৭ জন অনাবাসী ভারতীয়, ১৭ জন মালয়েশীয়, চারজন দক্ষিণ আফ্রিকান, তিনজন আমেরিকান, একজন অস্ট্রেলীয় ও একজন ডাচ। এ ছাড়া ১১১ জন নিখোঁজের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আজ ভোরের দিকে নেপালের রাজধানী কাঠমাণ্ডুর উত্তরে অবস্থিত রসুয়া জেলায় এ বন্যা আঘাত হানে। স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে এলাকাটিতে ভূমিকম্প আঘাত হানে বলে প্রাথমিক তথ্যের বরাতে পার্লামেন্টকে জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।

তিনি জানান, ভূমিকম্পের পর তুষারধস শুরু হলে আকস্মিক বন্যা দেখা দেয়। নেপালের পাশাপাশি চীনও ‘ব্যাপক ক্ষতির’ মুখে পড়েছে।

শিশির খানাল জানান, বর্তমান পরিস্থিতিতে নেপাল চীনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এখন পর্যন্ত পুলিশের ২৬ সদস্য, ৯জন সশস্ত্র পুলিশ সদস্য এবং ৪৪ সেনাসদস্য নিখোঁজ রয়েছেন। কাস্টমস ও ইমিগ্রেশনের কয়েকজন কর্মকর্তাও নিখোঁজ আছেন। এ ছাড়া সড়ক, সেতু, যোগাযোগ ব্যবস্থা এবং জলবিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। রসুয়া ও নুওয়াকোট জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও খবর

Sponsered content