শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা ৩১ মার্চ ২০২৬ , ১১:৫৮:২৭ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে সাংবাদিকসহ দু’জনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অফিসের একটি প্রভাবশালী সিন্ডিকেটের সম্পৃক্ততার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সদর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি জুলফিকার আলী জিন্নাহ খুলনার বানিয়াখামার এলাকার মোকসুদার রশিদের একটি জমি রেজিস্ট্রির কাজে সহায়তার জন্য অফিসে যান। এ সময় অফিসে প্রচলিত সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করায় স্থানীয় একটি প্রভাবশালী চক্র তাদের ওপর হামলা চালায়।
আহত সাংবাদিক জিন্নাহ অভিযোগ করেন, সদর দলিল লেখক সমিতির সভাপতি মহিবুল্লাহ এবং ইত্যাদি মোটরসের মালিক সৈয়দ রেজাউল হোসেন টুটুল (গোল্ড টুটুল)-এর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তার ওপর হামলা চালায়। এ সময় তাকে ও জমির মালিককে ‘ভারতীয় নাগরিক’ বলে অপবাদ দেওয়া হয়।
ভুক্তভোগীদের দাবি, হামলাকারীদের মধ্যে দলিল লেখক আবু হাসান, পান্না বেকারির মামুন, আশরাফুল ইসলাম ও আবু জাহিদ সবুজসহ আরও অনেকে ছিলেন।
হামলার একপর্যায়ে সাংবাদিক জিন্নাহ আহত হয়ে মাটিতে পড়ে গেলে পুলিশ তাকে উদ্ধার করে। অপরদিকে জমির মালিক মোকসুদার রশিদকে একটি কক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন সুমন জানান, অফিসের ভেতরে একদল ব্যক্তি সাংবাদিককে মারধর করে।
জমির মালিক মোকসুদার রশিদ বলেন, “আমি বৈধভাবে জমি রেজিস্ট্রি করতে এসেছিলাম। কিন্তু একটি সিন্ডিকেট অতিরিক্ত অর্থ ছাড়া কাজ করতে দেয় না। সেই সিন্ডিকেটের বাইরে যাওয়ায় আমাদের ওপর হামলা হয়েছে।”
অন্যদিকে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, “জিন্নাহ একজন ভারতীয় নাগরিকের জমি রেজিস্ট্রির চেষ্টা করছিল। এ নিয়ে কথা কাটাকাটি হয়েছে।”
সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রার অমায়িক বাবু বলেন, জমি রেজিস্ট্রি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিককে উদ্ধার করে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




















