সারাদেশ

বদরগঞ্জে সরকারি জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ

  বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ৩১ মার্চ ২০২৬ , ৮:৫১:৩৩ প্রিন্ট সংস্করণ

 

রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নে সরকারি খাস জমিতে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, প্রভাব খাটিয়ে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমিতে স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এছাড়া ২ নম্বর খাস খতিয়ানভুক্ত বন বিভাগের জমির অংশও দখলে নেওয়ার অভিযোগ রয়েছে।

জানা যায়, সংশ্লিষ্ট জমিটি আগে স্থানীয় আদিবাসী বেনজামিন মুর্মু (বাহাদূর)-এর দখলে ছিল। পরে সেটি আবু বক্কর সিদ্দিক নিজের দখলে নেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। দীর্ঘদিন সেখানে অস্থায়ীভাবে বসবাসের পর সম্প্রতি তিনি স্থায়ী ভবন নির্মাণ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবু বক্কর সিদ্দিক বলেন, “শুধু আমি নই, এলাকায় আরও অনেকেই এভাবে বসবাস করছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমার বিরুদ্ধেও নেওয়া হবে না।”

লোহানীপাড়া বিট কর্মকর্তা মজিবর রহমান বলেন, “বন বিভাগের কিছু জমি দখলের অভিযোগ রয়েছে। ইতোমধ্যে সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

লোহানীপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা লুৎফর রহমান বলেন, “এ বিষয়ে আমাদের কাছে কোনো বন্দোবস্তের তথ্য নেই।”

এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content