ইব্রাহিম সবুজ, স্টাফ রিপোর্টার, মাদারীপুর ১ এপ্রিল ২০২৬ , ১১:১১:২৭ প্রিন্ট সংস্করণ
মাদারীপুরের কালকিনি উপজেলায় তৃতীয় লিঙ্গের কয়েকজন সদস্যকে তুলে নিয়ে মারধর ও তাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ফোন এবং স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একই সম্প্রদায়ের অপর একটি দলের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে গুরু মা রাবিনা হিজরা কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, শরীয়তপুর জেলার গুরু মা রাবিনা হিজরা সম্প্রতি কালকিনি উপজেলার লক্ষীপুর ও বাঁশগাড়ি ইউনিয়নে কাজ করার অধিকার স্থানীয় গুরু মা সাথী আক্তারের কাছ থেকে অর্থের বিনিময়ে গ্রহণ করেন। পরে তিনি তার পাঁচজন শিষ্য—নুপুর, মাহি, নিলা, মেঘলা ও ছামিয়াকে ওই এলাকায় পাঠান।
এ সময় অভিযোগ রয়েছে, মুকুল হাজীর নির্দেশে এবং লাবনী হিজরা ওরফে আবুলের নেতৃত্বে জুই, দোয়েল, মল্লিকা, প্রিয়াঙ্কা, জ্যোতি, মেঘা ও তুষুসহ একটি দল সূর্যমণি বাজার এলাকা থেকে তাদের তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে ভয়ভীতি প্রদর্শন, মারধর এবং তাদের কাছে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনার বিষয়টি জানাজানি হলে পরে ভুক্তভোগীদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
ভুক্তভোগী গুরু মা রাবিনা হিজরা বলেন, “আমার মেয়েদের ছেড়ে দিলেও তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণ ও মোবাইল নিয়ে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এদিকে গুরু মা সাথী আক্তার জানান, অসুস্থতার কারণে চিকিৎসার খরচ জোগাতে তিনি তার এলাকার দুটি ইউনিয়ন রাবিনা হিজরার কাছে হস্তান্তর করেন। সে অনুযায়ী রাবিনার লোকজন সেখানে যান।
অভিযুক্ত লাবনী হিজরা ওরফে আবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, “অভিযোগটি পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




















