সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নিশাদ হত্যাকারীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

  শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া ১৯ এপ্রিল ২০২৬ , ১১:১২:৫৬ প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নে স্কুলছাত্রী নিশাদ জাহান (৬) হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। রোববার (১৯ এপ্রিল) সকালে ইউনিয়নের মোহনপুর গ্রামে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত শিশুটির স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। এ সময় নিশাদের চাচা আব্দুল বাছির কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ভাতিজি তাকে ‘বড় আব্বু’ বলে ডাকত এবং বাবার অনুপস্থিতিতে তার দায়িত্ব তিনিই পালন করতেন। তিনি হত্যাকারী ইছা মিয়া দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা বলেন, এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অবিলম্বে হত্যাকারীর ফাঁসির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল অটোচালক ইছা মিয়া শিশুটিকে বিভিন্ন স্থানে ঘোরানোর পর নিজের বাড়িতে নিয়ে যায়। পরে অনৈতিক উদ্দেশ্যে শিশুটির সঙ্গে অসদাচরণের চেষ্টা করলে বিষয়টি প্রকাশের আশঙ্কায় তাকে হত্যা করে। দুই দিন পর, ১৭ এপ্রিল শিশুটির মরদেহ বাড়ির পাশে ফেলে রাখা হয়। পরদিন সকালে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, নিখোঁজের দুই দিন পর শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে মোহনপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি ঝোপঝাড় থেকে নিশাদ জাহানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশুটি ওই এলাকার প্রবাসী সাদেক মিয়ার মেয়ে।

আরও খবর

Sponsered content