সারাদেশ

হরিণাকুণ্ডুতে উন্নয়ন ও জনসেবা নিয়ে মতবিনিময় সভা : আইন-শৃঙ্খলা, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে জোর দিলেন ডিসি

  মো. রবিউল ইসলাম, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ , ১০:৩৪:৪৪ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. নোমান হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সকল কর্মকর্তাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বাল্যবিবাহ ও যৌতুক নির্মূল এবং আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও দুর্নীতি প্রতিরোধ, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং ডেঙ্গু ও হাম প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

এ সময় হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুণ্ডুসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরাও অংশ নেন। তারা উপজেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।

আরও খবর

Sponsered content