সারাদেশ

সুন্দরগঞ্জে বেপরোয়া ট্রাক্টরের দৌরাত্ম্য, দুর্ঘটনা আশঙ্কায় আতঙ্কিত মানুষ

  সুন্দরগঞ্জ প্রতিনিধি: ২২ এপ্রিল ২০২৬ , ৭:৪০:৩০ প্রিন্ট সংস্করণ


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জনবহুল সড়কে অবৈধ ট্রাক্টরের বেপরোয়া চলাচলে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। বামনডাঙ্গার শিববাড়ি মোড় থেকে বন্দর চৌরাস্তা হয়ে সুইজগেট গাহমারি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটিতে দিন-রাত বালু ও মাটিবোঝাই ট্রাক্টর চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

সরেজমিনে দেখা গেছে, সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো পথচারী, শিক্ষার্থী ও ছোট যানবাহন চলাচল করে। তবে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করেই অবৈধ ট্রাক্টরগুলো চলাচল করছে। অধিকাংশ চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, এমনকি অনেক চালক অপ্রাপ্তবয়স্ক বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং কিছু অসাধু ব্যক্তি ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে ট্রাক্টর মালিকদের অনৈতিক লেনদেনের অভিযোগও উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, “এই রাস্তা দিয়ে চলাচল করা এখন ঝুঁকিপূর্ণ। প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে, কিন্তু কোনো প্রতিকার নেই।”

অভিভাবক বাদল মিয়া বলেন, “প্রতিদিন বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকি। পুলিশ তদন্ত কেন্দ্র কাছেই, কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না।”

এ বিষয়ে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ অবস্থায় এলাকাবাসী দ্রুত অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধ এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও খবর

Sponsered content