শিক্ষা ও শিক্ষাঙ্গন

জবিতে ইনডোর গেমসে ক্যারাম ফাইনাল ঘিরে উত্তেজনা, জকসুর ক্রীড়া সম্পাদকের উপর প্রকাশ্য হামলা

  মো. সাদমান সাকিব দিশান, জবি প্রতিনিধি: ৩০ এপ্রিল ২০২৬ , ৩:০২:৫৬ প্রিন্ট সংস্করণ


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৮ম ইনডোর গেমস প্রতিযোগিতার সমাপনী দিনে ক্যারাম দ্বৈত ইভেন্টকে কেন্দ্র করে উত্তেজনা, তর্ক-বিতর্ক এবং শারীরিক হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ক্যারাম দ্বৈত ইভেন্টের ফাইনালে ওঠা দুটি দলের মধ্যে একটি দলের খেলোয়াড়রা ভিন্ন বিভাগের হওয়ায় নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, একই দলের দুই খেলোয়াড় একই বিভাগের শিক্ষার্থী হওয়ার কথা। বিষয়টি নিয়ে রেফারিদের কাছে জানতে চাইলে তারা জানান, বিষয়টি তাদের নজরে আসেনি। ফলে দলটি ফাইনাল পর্যন্ত খেলতে পারে।

পরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষক ও ক্রীড়া কমিটির সঙ্গে আলোচনা হয়। সমঝোতার প্রস্তাব দেওয়া হলেও একটি দল তা প্রত্যাখ্যান করে। এমনকি দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করার প্রস্তাবও নাকচ করা হয়। পরিস্থিতি জটিল হলে ফলাফল স্থগিত রাখার বিষয়টিও আলোচনায় আসে।

একপর্যায়ে জকসুর ক্রীড়া সম্পাদক জর্সিস আনোয়ার নাইমের সঙ্গে প্রতিপক্ষ দলের সদস্য নেলীর বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, এ সময় নেলী ক্রীড়া সম্পাদককে হুমকি দেন।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নেলীর দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলে উত্তেজনা আরও বেড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, অনুষ্ঠান শেষে স্থান ত্যাগের সময় নেলী প্রকাশ্যে ক্রীড়া সম্পাদক নাইমকে ডেকে নিয়ে সবার সামনে তাকে থাপ্পড় মারেন।

এ সময় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, পরবর্তীতেও হামলার চেষ্টা ও হুমকি দেওয়া হয়।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে শিক্ষাঙ্গনের শৃঙ্খলার পরিপন্থী ও নিন্দনীয় হিসেবে উল্লেখ করেছেন। ভুক্তভোগী ক্রীড়া সম্পাদক তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। শিক্ষার্থীরা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content