প্রতিনিধি ১৭ মে ২০২৬ , ২:০২:৫৫ প্রিন্ট সংস্করণ
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের করা প্রথম ইনিংসের ২৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৫০ রানে ৬ উইকেট হারিয়েছে পাকিস্তান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৭ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান করেছে পাকিস্তান।
সিলেট টেস্টের প্রথম দিনে লিটন দাসের সেঞ্চুরিতে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে বিনা উইকেটে ২১ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান।
আজ রোববার দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ। দলীয় ২৩ রানের মধ্যে দুই ওপেনারকে সাজঘরে পাঠান এই টাইগার পেসার। আব্দুল্লাহ ফজল ৯ ও আজান আওয়াইস ১৩ রান করে ফিরে যান।
এরপর অধিনায়ক শান মাসুদকে সঙ্গে নিয়ে শুরু এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন বাবর আজম। ৩৮ রানের জুটি গড়েন তারা। এরপর পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ।
শান মাসুদ ২১ ও সৌদ শাকিল ৮ রান করে সাজঘরে ফিরে যান। এরপর সালমান আগাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন বাবর। ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে পাকিস্তান।
মধ্যাহ্নভোজ থেকে ফিরে দুই সেট ব্যাটসম্যান বাবর আজম ও সালমান আগাকে ফেরায় বাংলাদেশ। এই জুটি ৯১ বলে ৬৩ রান তুলে প্রতিরোধ গড়েছিল। তবে ৪০তম ওভারে নাহিদ রানার শিকারে পরিণত হন বাবর। এই তারকা ব্যাটার ৮৪ বলে ১০টি চারে ৬৮ করে মুশফিকুর রহিমকে ক্যাচ দেন। এরপর ২১ রান করা সালমান তাইজুলের বলে মুমিনুল হককে ক্যাচ দেন।














