প্রতিনিধি ১৭ মে ২০২৬ , ২:০০:২৯ প্রিন্ট সংস্করণ
রাশিয়ায় রাতভর ৫৫৬টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ দাবি জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মস্কোর মেয়র সোবিয়ানিন বলেছেন, মস্কো ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১২০টির বেশি ড্রোন ধ্বংস করেছে।
আজ রোববার বার্তাসংস্থা সিএনএনের একটি প্রতিবেদনে এ তথ্য জানান হয়।
প্রতিবেদনে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে বলা হয়, ড্রোনের ভাঙা অংশগুলোর কারণে সাব্বোটিনো গ্রামে একটি বাড়িতে আগুন লেগে যায়। পশ্চিমাঞ্চলীয় ইস্ত্রা শহরে কয়েকটি আবাসিক ব্লক ক্ষতিগ্রস্ত হওয়ায় চারজন আহত হয়েছে বলেও জানান হয়।
কিছু ড্রোনের অংশ রাশিয়ার ব্যস্ততম শেরেমেতিভো বিমানবন্দরের এলাকায় পড়ে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো আহত বা বড় ক্ষয়ক্ষতি হয়নি।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি আগুনে ভস্মীভূত বাড়ি এবং ক্ষতিগ্রস্ত কয়েকটি অ্যাপার্টমেন্ট ব্লকের ছবি পোস্ট করেছে, তবে সেগুলোর সুনির্দিষ্ট অবস্থান উল্লেখ করা হয়নি।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর ২৮৭টি ড্রোন হামলা চালায়। ডনিপ্রোপেত্রোভস্ক এবং জাপোরিজজিয়া অঞ্চলে অন্তত নয়জন আহত হয়েছেন। সাতটি ভিন্ন স্থানে কেবল আটটি ড্রোন ছাড়া সমস্ত ড্রোন ধ্বংস করেছে ইউক্রেন।




















