আন্তর্জাতিক

এবার উত্তর প্রদেশে ঈদের নামাজ ও প্রকাশ্যে পশু জবাই নিয়ে কড়াকড়ি

  প্রতিনিধি ২৫ মে ২০২৬ , ৪:৩৮:৪৬ প্রিন্ট সংস্করণ

মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে ভারতের উত্তর প্রদেশে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার করতে কঠোর নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

রোববার এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে তিনি স্পষ্টভাবে জানান, জনসমক্ষে পশু কোরবানি কোনোভাবেই অনুমোদন করা হবে না এবং নিষিদ্ধ পশু কোরবানির ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলার প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, শুধুমাত্র পূর্বনির্ধারিত স্থানে কোরবানি করা এবং রাস্তা বন্ধ করে কোনো নামাজ আদায় করা যাবে না।

তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে যাতে কোথাও আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে, সেজন্য প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় প্রশাসন, ধর্মীয় নেতৃবৃন্দ ও শান্তি কমিটিগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানোর নির্দেশও দেন তিনি।

বৈঠকে মুখ্যমন্ত্রী অবৈধ পশু জবাই, দখলদারিত্ব ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনকে নির্দেশ দেন।

উত্তর প্রদেশ সরকার জানিয়েছে, উৎসব চলাকালে অতিরিক্ত পুলিশ মোতায়েন, নজরদারি বৃদ্ধি এবং সংবেদনশীল এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে ভারতের পশ্চিমবঙ্গে ঈদেরপশু জবাই নিয়ে কড়াকড়ি আইন জারি করা হয়। এ রাজ্যের নতুন নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র ১৪ বছর বা তার বেশি বয়সী পশু জবাই করা যাবে। পাশাপাশি জবাইয়ের জন্য পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতির যৌথ সার্টিফিকেট এবং সরকারি পশুচিকিৎসকের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।

আরও খবর

Sponsered content