মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২ জুন ২০২৬ , ১০:৩৪:৩৭ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর দরগাহ বাড়ি পৌর দাখিল মাদ্রাসার সুপার মো. সিদ্দিকুর রহমানকে একটি মারামারি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) বিকেলে মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি দায়ের হওয়া একটি মারামারি মামলায় দণ্ডবিধির ৩২৬ ধারাসহ সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলাটি বিজয়নগর থানায় দায়ের হওয়ায় আইনানুগ প্রক্রিয়ায় তাকে সেখানে পাঠানো হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “নিয়ম অনুযায়ী তাকে আদালতে প্রেরণ করা হবে।”
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “তাকে গ্রেপ্তার করে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা সুপার মো. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে বলে দাবি করে আসছেন এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও সাবেক ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য। তাদের অভিযোগ, প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। এসব বিষয়ে অতীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান এবং লিখিত অভিযোগও করা হয়েছে বলে তারা দাবি করেছেন।
অভিযোগকারীরা আরও দাবি করেন, তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মো. সিদ্দিকুর রহমান বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার অগ্রগতি এবং সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়ার দিকে নজর রাখছেন স্থানীয়রা।




















