নিজস্ব প্রতিবেদক | ঢাকা ৯ জুন ২০২৬ , ১২:২৩:০১ প্রিন্ট সংস্করণ
রাজধানীর ভাটারা থানা এলাকার নয়ানগর মধ্যপাড়ায় এক বিধবা নারীর পৈতৃক জমি দখল করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী তমিজা খাতুন দাবি করেছেন, দীর্ঘদিন ধরে তিনি নিজের জমির দখল ফিরে পাচ্ছেন না। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভাটারা মৌজার খতিয়ান নং ৪৩৩৩ ও দাগ নং ৭৯৬৬-এর অন্তর্গত ৩ দশমিক ৮০ শতাংশ জমির মালিক তমিজা খাতুন। তিনি অভিযোগ করেন, স্থানীয় সেলিম ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে জমিটি দখল করে রেখেছেন। আর্থিক প্রয়োজনের কারণে জমিটি বিক্রি করলেও ক্রেতাকে বুঝিয়ে দিতে পারছেন না বলে দাবি তার।
তমিজা খাতুনের অভিযোগ, জমির দখল নিয়ে বিরোধের জেরে তাকে এবং ক্রেতাকে বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এলাকার কিছু বাসিন্দার দাবি, জমি সংক্রান্ত বিরোধে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পক্ষ নিয়েছেন। যদিও এসব অভিযোগের স্বপক্ষে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি সংক্রান্ত বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগও তিনি অস্বীকার করেন।
স্থানীয়রা মনে করেন, বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনগত নিষ্পত্তি হলে বিরোধের অবসান ঘটবে। ভুক্তভোগী পরিবার জমি উদ্ধার এবং ন্যায়বিচারের স্বার্থে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।














