ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ২১ জুন ২০২৬ , ১০:১১:৪২ প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জে কৃষিতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বদরগঞ্জের আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের মনিটরিং অফিসার অশোক কুমার রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা আফরোজ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মে হাবিবা মুন।
বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এ ধরনের প্রকল্প কার্যকর অবদান রাখছে।
তারা আরও বলেন, কৃষকবান্ধব উদ্যোগ ও সমন্বিত উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি সব পক্ষকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং গ্রামীণ জনগণের টেকসই উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।




















