আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি আটকে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

  প্রতিনিধি ২৫ জুন ২০২৬ , ১২:২৪:৪৪ প্রিন্ট সংস্করণ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি এবং উত্তেজনা প্রশমনে প্রাথমিক সমঝোতা হলেও এখনো চূড়ান্ত কোনো শান্তি চুক্তি হয়নি। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান। তবে এর মধ্যেই সম্ভাব্য চুক্তির কিছু শর্ত নিয়ে আপত্তির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুদ্ধ বন্ধের লক্ষ্যে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এতে ৬০ দিনের যুদ্ধবিরতি, কিছু নিষেধাজ্ঞা শিথিল করা এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর বিষয়ে নীতিগত রূপরেখা নির্ধারণ করা হয়।

তবে চূড়ান্ত চুক্তির পথে এখনো বেশ কয়েকটি বিষয় আলোচনায় রয়েছে। এর মধ্যে অন্যতম হলো হরমুজ প্রণালি এবং লেবানন-সংক্রান্ত বিষয়গুলো। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এক বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এসব বিষয় নিয়ে আলোচনা করেন।

ওই বৈঠকে ইরানের পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ বলেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ইরানই পরিচালনা করবে। একই সঙ্গে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সঙ্গে যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে প্রণালীতে সম্ভাব্য ভুল বোঝাবুঝি প্রতিরোধ ও দ্রুত সমাধানের জন্য একটি ‘টেলিফোন হটলাইন’ চালুর বিষয়েও নীতিগত সম্মতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে, বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে ফি বা মাশুল নেওয়ার বিষয়টি বিবেচনা করছে ইরান। তবে এ ধরনের উদ্যোগের বিরোধিতা করেছেন ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য ইরান কোনো ধরনের অর্থ আদায় করতে পারবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরানের সঙ্গে চূড়ান্ত কোনো চুক্তিতে যদি সামুদ্রিক পরিবহন বা জাহাজ চলাচলের ওপর মাশুল আরোপের সুযোগ রাখা হয়, তাহলে তিনি সেই চুক্তিতে অনুমোদন দেবেন না।

ট্রাম্পের ভাষ্য, এ ধরনের ফি বা মাশুল যুক্তরাষ্ট্রের কাছে ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’। তার মতে, এমন ব্যবস্থা অনুমোদন করা হলে তা ভবিষ্যতে বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথেও একই ধরনের দাবির নজির তৈরি করতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর কোনো মাশুল আরোপ করা হবে না বলে ইরান তাকে আশ্বস্ত করেছে।

আরও খবর

Sponsered content